সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি শিশুকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৭-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজার এলাকায় নিয়মিত টহল চলছিলো। এসময় হাবিলদার মাহফুজ রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল এমন ১ জন বাংলাদেশি অপ্রাপ্তবয়স্ক নাগরিককে আটক করে।
অপর দিকে, বেলা একটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/২০-আর সংলগ্ন বাংলাদেশ অংশের একটি মসজিদের কাছে টহল দল ভারতীয় নাগরিক এজাজ শেখকে (৪৪) আটক করা হয়। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঝালগাও জেলার ওরেনগাও গ্রামের বাসিন্দা। সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক এজাজ শেখকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপর দিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে ধরা পড়া ৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এর অধিনস্ত সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় পলিয়ানপুর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের গ্রহণ করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বেলা দুইটার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাগাডাঙ্গা কোম্পানির পলিয়ানপুর বিওপি কমান্ডারকে জানান যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ৭ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ সদস্যদের হাতে আটক হন। আটককৃতদের মধ্যে ২ পুরুষ, ৩ নারী ও ২ শিশু।
পরে বিএসএফ ওই ৭ বাংলাদেশিকে ফেরত দেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানায় এবং তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য পাঠায়। বিজিবি যাচাই-বাছাই শেষে গতকাল বিকেল ৫টায় সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় পলিয়ানপুর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের গ্রহণ করে। বর্তমানে তাদের মহেশপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সোপর্দ করার প্রক্রিয়া চলমান ছিল।
সমীকরণ প্রতিবেদন