সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ

রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯, পাল্টা-পাল্টি অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পৈত্রিক সম্পত্তি ও পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলুকদিয়ার টেইপুর মির্জাপাড়ায় এই ঘটনা ঘটে। পরে পরিবারে সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। 


ভুক্তভোগীরা জানান, পৈত্রিক সম্পত্তি ও পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়। উভয়পক্ষ লাঠি, বাঁশ, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। সংঘর্ষে আহত হন আনসার সদস্য জিয়াউর রহমান (৪৫), তার স্ত্রী রাশেদা খাতুন (৩৭), মেয়ে সুমাইয়া সুলতানা (১৮), ছেলে তৌফিক হাসান (১৭), তার চাচি খোদেজা বেগম (৪০) ও প্রতিবেশী আঙ্গুরা বেগম (৪৫)। অপরপক্ষের আহতরা হলেন জিয়াউরের বড় ভাই আব্দুল হালিম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে সাদিয়া খাতুন (১৮)।


ঘটনার বিষয়ে দুই ভাই একে অপরকে দোষারোপ করেছেন। ছোট ভাই জিয়াউর রহমান বলেন, ‘বড় ভাই পৈত্রিক জমি দখল করে রেখেছে। ফেরত চাইলে দেয় না। আমি আমার জমিতে কাজ করতে গেলে ও তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়।’ অন্যদিকে, বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘আমার অংশের ঘর ছোট ভাই ৮০ হাজার টাকায় নিতে চায়। আমি রাগে বিক্রি করে দিলেও টাকা দেয় না। টাকার জন্য তাগাদা দিলে ছোট ভাই তার লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে একে একে নয়জন জরুরি বিভাগে আসে। সবার শরীরে বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’ তিনি জানান, আহতদের মধ্যে পাঁচজনের মাথায় ও দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত খোদেজা বেগমকে ভর্তি রাখা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী জানান, ‘ঘটনার বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তবে তারা আপাতত নিজেরা মীমাংসার জন্য সময় চেয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী