মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে শাটডাউন কর্মসূচি
  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) ঘোষণার দাবিতে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে মানববন্ধন ও শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চুয়াডাঙ্গা এবং ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি চুয়াডাঙ্গা জেলার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বসে সময় কাটান এবং সদর হাসপাতালে রোগীরা দুর্ভোগে পড়েন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের দাবি নতুন কিছু নয়। এটি বহুদিনের আন্দোলনের ধারাবাহিকতা। ২০১৮ সাল থেকে এ দাবি জানিয়ে আসছি। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর আন্দোলন নতুনভাবে শুরু হয়। গত ৯ মাস ধরে আমরা শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন করছি। অথচ এখন পর্যন্ত আমাদের একই দাবিতে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হতে হচ্ছে।’

তারা অভিযোগ করেন, গত ১৪ মে ঢাকার শাহবাগে মহাসমাবেশ চলাকালীন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যা অত্যন্ত ন্যক্কারজনক। বক্তারা বলেন, ‘মৌখিক আশ্বাসে আর ভরসা নেই। আমরা এবার লিখিত নিশ্চয়তা চাই। সরকার ২৯ মে আন্তঃমন্ত্রণালয় সভার ঘোষণা দিলেও তাতে আমাদের আস্থা নেই। এটি আন্দোলন থামিয়ে দিতে নতুন কৌশল হতে পারে।’

কর্মসূচিতে বক্তব্য দেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক আদুরি খাতুন, সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি নুরুন নাহার, শিক্ষার্থী সৌরভ সরকারসহ আরও অনেকে। এছাড়াও বক্তব্য দেন নার্সিং ইনস্ট্রাক্টর পারুল মন্ডল। তিনি বলেন, ‘আমরাও এই যৌক্তিক দাবির সঙ্গে একমত। সরকারের উচিত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান হবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানান তারা। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী