ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলা
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪-৫ জন আহত হন। স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীক টাঙানোর অপরাধে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদপুকুরিয়া গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের শফিউদ্দীন ও ইশারত মন্ডলের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ডাকবাংলার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোজাম্মেল।
ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আহত শফি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাদপুকুরিয়া গ্রামের একটি মোড়ে বসেছিলেন। এসময় নৌকার প্রার্থী মোজাম্মেলের ছেলে সাইফুল ও আশরাফুল এবং উত্তর নারায়ণপুর গ্রামের মানব পাচারকারী শাহজামালের ছেলে কামাল লোহার রড ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুন অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কায়দায় চলাফেরা করছে। এর আগে বৈডাঙ্গা বাজারে তার ওপর হামলা করা হয়। গ্রামে গ্রামে তার লোকজনকে হুকমি দেওয়া হচ্ছে। প্রচার কাজে বাধা সৃষ্টি করছে। তিনি এসব অভিযোগ পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ ঘটনায় তাকে মামলা করতে পরামর্শ দিয়েছেন।
নৌকার প্রার্থী মোজাম্মেল হক জানান, তাঁর কোনো লোক এই হামলার সঙ্গে জড়িত নয়। উল্লেখ্য, ২০১১ সালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহাজান সিরাজকেও হত্যা করা হয়েছিল।
কমেন্ট বক্স