বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবৈধ দোকান, মহিলা হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত

অভিযোগ দিয়ে বিপাকে শিক্ষার্থীরা; দোকানিরা দিচ্ছেন হুমকি
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবৈধ দোকান, মহিলা হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত

চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রধান ফটকের সামনের সড়ক ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে সারি সারি অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এসব দোকান ঘিরে প্রতিদিন বসছে চা, সিগারেট, ফাস্ট ফুড, ও বিভিন্ন খাবারের আড্ডা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদেরও ভিড় লেগে থাকে। প্রকাশ্যে ধূমপান, অপরিচিত লোকজনের অবাধ আড্ডা এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব দোকানের ঠিক পেছনেই অবস্থিত কলেজের মহিলা হোস্টেল। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দোকান উচ্ছেদের সিদ্ধান্ত হওয়ার একমাস পার হলেও অজানা কারণে উচ্ছেদ হয়নি একটিও অবৈধ দোকান। উল্টো অভিযোগ দেয়া শিক্ষার্থী ও গণমাধ্যমে বক্তব্য দেয়া শিক্ষার্থীদের সেখানকার দোকানদাররা প্রতিনিয়ত দিচ্ছেন হুমকি।


শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সামনে থাকা চা ও সিগারেটের দোকানগুলোতে বহিরাগতদের নিয়মিত আড্ডা চলে। সেখানে প্রকাশ্যে ধূমপান করা হয়। সিগারেটের ধোঁয়ায় কলেজের সামনের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে মহিলা হোস্টেলের পাশে এসব দোকান ও বহিরাগতদের অবাধ বিচরণ ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।


কয়েকজন ছাত্রী অভিযোগ করেছেন, দোকানগুলোতে বসে থাকা কিছু ছেলে বিভিন্নভাবে হোস্টেলের ছাত্রীদের বিরক্ত করে। সিগারেটের দুর্গন্ধের কারণে কলেজের সামনের এলাকা দিয়ে চলাচল করতেও তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে তারা জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও হয়নি কোনো সুরাহা।


শুধু নিরাপত্তা নয়, এসব দোকানের কারণে কলেজের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজের সামনে স্থাপিত শহীদ মিনারের সামনে বসানো হয়েছে বিভিন্ন ধরনের স্টল। এতে শহীদ মিনারটি আড়ালে পড়ে যাচ্ছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। পাশাপাশি দোকানগুলোর আশপাশে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।


এ বিষয়ে কলেজের শিক্ষার্থীরা গণমাধ্যমে বক্তব্য দিলে দোকান মালিকরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে। সেখানে সাংবাদিক নাম ভাঙিয়ে এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী বড় একটি স্পেস দখল করে দুটি দোকান দিয়েছেন। তাকে নিয়ে গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় নেতিবাচক আলোচনা হয়। জেলার দুইজন এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ ঊর্ব্বতন কর্তৃপক্ষের উপস্থিতে ওই সভায় সিদ্ধান্ত হয়, অবৈধ দোকান উচ্ছেদ করে দেয়া হবে। তবে তারপর এক মাস পার হলেও একটিও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি।


কলেজের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্ত দিয়ে বলেন, ‘আমাদের কলেজের সামনে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা প্রয়োজন। বিশেষ করে দোকানগুলোর সামনেই যেহেতু মহিলা হোস্টেল রয়েছে, তাই বিষয়টি আরও উদ্বেগজনক। এ ছাড়া কলেজের সামনে বসানো ফুডকার্টগুলোর খাবার কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’


ছাত্রী হোস্টেলের একাধিক ছাত্রী অভিযোগ করে বলেন, ‘আমরা যাঁরা অভিযোগ দিয়েছি, তাদেরকে উল্টো হুমকি দেয়া হয়েছে। আবার গণমাধ্যমে বক্তব্য দিলেও হুমকি দেয়া হয়। দোকানগুলোতে বখাটেরা থাকে, তারা প্রতিনিয়ত ইভটিজিং করে। এই পরিস্থিতিতে কি বলব।’


এ বিষয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘কলেজের সামনের দোকানগুলোর বিষয়ে স্থানীয় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসন উচ্ছেদ করার পর আবার যদি স্থানীয়দের ইন্ধনে দোকানগুলো সেখানে বসানো হয়, তাহলে জেলা প্রশাসন এ ধরনের অভিযান চালাবে না। স্থানীয়দের নিজেদের উদ্যোগ নিয়ে বলতে হবে, ‘আমরা এই এলাকাটি দোকানমুক্ত রাখব"। তবেই ওই এলাকাটি দখলমুক্ত করা সম্ভব।’
শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবৈধ দোকান, প্রকাশ্যে ধূমপান, বহিরাগতদের আড্ডা এবং মহিলা হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ- সব মিলিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থীদের দাবি, শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করলে হবে না; কলেজের সামনের এলাকা স্থায়ীভাবে দখলমুক্ত রাখা, ধূমপান বন্ধ করা এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত ফি ও অর্থ আত্মসাতের অভিযোগ