বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গা ইউনিয়নে সরকারি বরাদ্দের হরিলুট, চেয়ারম্যান বললেন নিউজ করে লাভ নেই

একই কাজের ডাবল বরাদ্দ, লাখ টাকার কুশন চেয়ার কেনার ভূতুড়ে বিল!
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
মাখালডাঙ্গা ইউনিয়নে সরকারি বরাদ্দের হরিলুট, চেয়ারম্যান বললেন নিউজ করে লাভ নেই

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বরাদ্দকৃত কোটি কোটি টাকা কীভাবে নয়ছয় করা হয়, তার এক প্রকৃষ্ট উদাহরণ মিলছে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে। যেখানে টিআর, কাবিখা, কাবিটা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের ১ শতাংশ ভূমি হস্তান্তর কর ও বিভিন্ন খাতের অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে হরিলুট চলছে হরদম। একই কাজের বিপরীতে দ্বৈত বরাদ্দ, ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন এবং ইউপি সদস্যের দায়সারা ও রহস্যজনক মন্তব্যে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। দুর্নীতি হওয়া এসব প্রকল্পের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


অনুসন্ধানে জানা যায়, মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে কাবিটা, কাবিখা ও টিআর প্রকল্পের নামে একের পর এক বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়েছে। যার মধ্যে কাবিটা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে গাইদঘাট গ্রামের মোসাদ্দেকের বাড়ি থেকে সালামের বাড়ি অভিমুখে রাস্তা মাটি ভরাটসহ এইচবিবি করণের কাজে বরাদ্দ ছিল ২ লাখ টাকা এবং একই অর্থবছরে কাবিখা প্রকল্পে কুকিয়াচুাঁদপুর গ্রামে রিপনের বাড়ি থেকে সিরাজুলের বাড়ি অভিমুখে রাস্তা মাটি ভরাটসহ এইচবিবি করণে বরাদ্দ ছিল ৭.৬০০ মেট্রিক টন গম।


অপরদিকে, ২০২৪-২৫ অর্থবছরে কুকিয়াচাঁদপুর গ্রামের নাজিমের চাতালের নিকট থেকে মসজিদ অভিমুখে জলাবদ্ধ পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণে টিআর প্রকল্পে ১ লাখ ৪০ হাজার ৯শ টাকা বরাদ্দ থাকলেও একই কাজে কাবিখা প্রকল্পেও ইউপি সদস্য আল্পনার নামে ৩.২০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। একই কায়দায় গাইদঘাট গ্রামের কবরস্থান পাড়ায় ড্রেন নির্মাণের জন্য টিআর প্রকল্পে ১ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দের পাশাপাশি একই স্থানে ইউপি সদস্য আল্পনাকে পিআইসি সভাপতি করে কাবিখা প্রকল্প থেকে আরও ৩.২০০ মেট্রিক টন চাল বরাদ্দ তুলে নেওয়া হয়েছে।


এবং কুকিয়াচাঁদপুর হতে দীননাথপুর রাস্তায় কমলা দোয়ার নিকট মাটি ভরাট বাবদ কাবিখা প্রকল্পের ৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, ২০২৪-২৫ অর্থবছরে মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ দেখিয়ে ভূমি হস্তান্তর কর (১%) থেকে ইউপি সদস্য আল্পনা খাতুনকে পিআইসি সভাপতি করে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নথিপত্রে তা ২০২৫-২৬ অর্থবছর বলে উল্লেখ করা হয়েছে এবং একই খাত থেকে একই অর্থবছরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষের জন্য কুশন চেয়ার সরবরাহ বাবদ ১ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ তুলে নেওয়া হয়েছে।


নিয়ম অনুযায়ী এসব প্রকল্পের পিআইসি সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী ইউপি সদস্য আল্পনা খাতুনের কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি দায়সারা সুরে বলেন, ‘সবই করা হয়েছে। কিন্তু টাকার পরিমাণ ও কী কী করা হয়েছে, দেখে বলতে হবে। আমার মনে নেই।’ বলেই তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার কল দেয়া হলে তার স্বামী মুঠোফোন রিসিভ করে ঔদ্ধত্যপূর্ণ সুরে বলেন, ‘আপনারা নিউজ করলে করেন। এ বিষয়ে বলার নেই। আমার উনি একটু নরম মানুষ।’
জনপ্রতিনিধিদের এমন দায়িত্বহীনতা ও দুর্নীতি প্রসঙ্গে মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ সাহার মুখোমুখি হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, ‘আমাদের কাজে কোনো অনিয়ম নেই। আপনারা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না। এসব নিউজ করে কোনো লাভ নেই। কাজের স্টিমেট করেছে ইঞ্জিনিয়ার। আমি এখন কী বলব, আপনাদের যা করার করেন।’


সরকারি অনুদানের এই পুকুরচুরি ও হরিলুটে চরম বিপত্তিতে পড়ে মাখালডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ এখন ফুঁসে উঠেছে। একদিকে একই কাজের বিপরীতে একাধিক বরাদ্দ (গম, চাল ও নগদ টাকা), অন্যদিকে গাছের চারা রোপণ ও চেয়ার কেনার নামে ভুয়া বিল তুলে লাখ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি ও অনিয়মে ডুবে থাকা এসব প্রকল্পের কাজ অবিলম্বে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং লুটপাটের সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত ফি ও অর্থ আত্মসাতের অভিযোগ