চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু, যুবক আহত
- আপলোড তারিখঃ
০৯-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অর্চনা ব্যানার্জি (৫৫) নামের এক নারীর মৃত্যু ও হাসান আলী (৩৫) নামের অপর এক যুবকের গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা মোড় ও সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গাংয়ের মাঠ এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা ব্যানার্জি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা প্রগতী ক্লিনিকপাড়ার মৃত বিকাশ চন্দ্র শর্মার স্ত্রী ও আহত হাসান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাওলা বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেহালা বাজারের অদূরে প্রগতী ক্লিনিকের সামনে থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন অর্চনা ব্যানার্জি। সে সময় আলমডাঙ্গামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অর্চনা ব্যানার্জির ধাক্কা লাগলে রাস্তর ওপর পড়ে যান তিনি। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অর্চনা ব্যানার্জির মেয়ে তৃপ্তি রানি শর্মা বলেন, ‘সন্ধ্যায় আমার মা দুবলা ঘাষ নেওয়ার জন্য রাস্তার ওপারে যান। এর একটু পরেই আমার প্রতিবেশী একজন জানান আমার মা রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছে। এসময় স্থানীয়দের সহায়তায় আমি মাকে দ্রুত উদ্ধার করে সদর হাপসাতালে নিই। কিন্তু হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এদিকে, গতকাল সন্ধ্যারাত সাতটার দিকে একটি ভোটের প্রচারণা থেকে হাইদারপুর গাংয়ের মাঠ হয়ে নিজ বাড়ি ফিরছিলেন হাসান আলী। মোটরসাইকেল নিয়ে গাংয়ের মাঠে পৌঁছালে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার ধারের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে সুমন আলী নামের এক আলমসাধু চালক তাকে উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসান আলীকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘সন্ধ্যায় পরিবারের সদস্যরা অর্চনা নামের এক নারীকে জরুরি বিভাগে নেয়। তিনি মোটরসাইকেলের ধাক্কায় লেগে রাস্তার ওপর পড়ে আহত হয়েছেন বলে জানান। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়।’
এদিকে, গতকাল রাতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদর হাপসাতালে পৌঁছায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স