মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে পতাকা উত্তোলন ও মানববন্ধন করা হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। বিশিষ্ট শিশু সংগঠক নুঝাত পারভীনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার পাল প্রমুখ। এদিকে, আত্মবিশ্বাসের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ দাতা সংস্থা পল্লী র্কম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতা ও নির্দেশনায় আত্মবিশ্বাস সংস্থার নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাসের পরিচালনায় আত্মবিশ্বাস সংস্থা  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। এরপর প্রধান সড়কে মানববন্ধনসহ জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি অফিসসমূহ, স্কুল-কলেজসহ আত্মবিশ্বাস প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সার্বিক সহযোগিতাসহ উপস্থিত থাকেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা সকল এনজিও-এর পক্ষে আত্মবিশ্বাস-এর পরিচালক মো. রফিকুল হাসান জোয়ার্দ্দার বলেন- ‘দুর্নীতি করে ইতঃপূর্বে কেউ কোনো দিন টিকে থাকেনি, আগামীতেও টিকে থাকতে পারবে না। তাই আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হবে। আসুন আমরা আজ সবাই মিলে শপথ করি, দুর্নীতিকে না বলি।’ `` আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা নাহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, অপরেশন) শেখ মাহবুবুর রহমান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসানুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মাহাবুল হক, পড়শি সমাজকল্যাণ সংস্থার ম্যানেজার মাহবুল ইসলাম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রওশনারা প্রমুখ। দামুড়হুদা: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যে দামুড়হুদা উপজেলার প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণকে সচেতন ও গণজাগরণের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে ও শান্তির পায়রা উড়িয়ে এ  দিবসটি পালন করা হয়। গতকাল  বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধনের মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিস, নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পরিসংখান অফিস, মৎস্য অফিস, দামুড়হুদা পাইলট অ্যান্ড গার্লস স্কুল, স্থানীয় সরকার প্রকৌশলী অফিস, হিসাবরক্ষণ অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমাজসেবা অফিস, আনসার ভিডিবি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, মডেল থানা, শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, ব্যানবেইস ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। দর্শনা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কিশোর-কিশোরী ক্লাব ও প্রবীণ কমিটির আয়োজনে দর্শনায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা পুরাতন বাজার প্রবীণ কমিটির কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে দর্শনা শহর প্রদক্ষিণ শেষে রেলবাজার বটতলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, দর্শনা কেরু চিনিকলের উপ-ব্যবস্থাপক শেখ শাহাবুদ্দিন, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান ও দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান। `` জীবননগর: জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও লোকমোর্চার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জীবননগর উপজেলা অতীতের থেকে এখন অনেক উন্নত। জনগণ সচেতন হওয়ায় এ উপজেলায় দুর্নীতি নেই বললেই চলে। তবে উপজেলার সাব-রেজিস্টার অফিস এখনও দুর্নীতি মুক্ত নয়। এ বিষয়ে সচেতন মহলসহ প্রশাসন একটু নজর দিলেই দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু. মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আখতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এমআর বাবু। র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠানে জীবননগর উপজেলার প্রবীণ জনগোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়, উপজেলা পরিসংখ্যন অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রকৌশলী দপ্তর, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা সমবায় দপ্তর ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায়ন ছিলেন ওয়েভ ফাউনেডশনের সমন্বয়কারী আব্দুল আলিম সজল। আন্দুলবাড়ীয়া: ‘আপনার অধিকার, আপনার কর্তব্য দুর্নীতিকে না বলুন’ এই স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি  বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের নেতৃবৃন্দ সকল সদস্যকে সাথে নিয়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে দাঁড়িয়ে বিভিন্ন রকমের রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের সভাপতি মহাসিন আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বক্তব্য দেন সহসভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা ও ডা. খন্দকার মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা নীতিশ কুমার বিশ্বাস, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস জিৎ, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায় প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেন। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের যুব সমাজের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে পৃথকভাবে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। `` হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যুবকদের নিয়ে দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিকেএসএফ’র সহযোগিতায় ও আরআরএফ-এর বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ হাসাদাহ শাখার ম্যানেজার সুজন কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসেম রেজা, এমআইএস বিভূদান সরকার, সাংবাদিক আল আমিন প্রমুখ। মেহেরপুর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি দমন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সমন্বিত দুর্নীতি দমন কমিশনের ডিএডি শ্যামল চন্দ্র সেন, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমুখ। এদিকে, দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এর আগে একটি বিশাল মানববন্ধন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুজিবনগর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মুজিবনগরে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মহিলাবিষয়ক অফিসার তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আহসান, সহসভাপতি আব্দুল হাই, সচিব বাকের আলী, আত্মবিশ্বাসের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আলফাজ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী: মেহেরপুরের গাংনীতে ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। আলোচনা সভায় বক্তারা বলেন, নিজদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। এসময় সরকারি কর্মকর্তাসহ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীন, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল মতিন, সহসভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সনাকের সহসভাপতি এম সাইফুল মাবুদ, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)’র মাগুরা জোনের সহকারী পরিচালক রেজাউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার কুন্ডুসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বাঁধা সৃষ্টি করে। এ জন্য দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। কালীগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হিল মাসুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির হাবিবুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য জামির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নিয়ে যাওয়া হয় উপজেলা পরিষদে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব আজাদ রহমান, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, শিক্ষক ওয়াসিম প্রমুখ। সভায় দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন, সাংবাদিক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা সবাই একসঙ্গে লড়াই করার আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী