নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন বলেন, কাউকে বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়, টেকসই উন্নয়ন অভিষ্ট্য অর্জনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। বেসরকারি সংগঠনগুলোকেও উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীদেরকে সকল কাজে পাশে রাখতে হবে। আমাদেরকেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া তাঁর জীবদ্দশায় আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নারীদের ঘরের বন্দী জীবনদশা থেকে মুক্তির চেষ্টা ও নারীর অধিকার আদায়ে বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছেন
বিশিষ্ট শিশু সংগঠক নুঝাত পারভীনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফফেসর এস এম ইস্রাফিল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা ও জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতায় মালেকা রহমান, সমাজ উন্নয়নে নুঝাত পারভীন, অর্থনৈতিক সাফল্যে দিলরুবা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় নাজমা খাতুন ও সফল জননী নারী হিসেবে মকসুদা বেগম।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রধান শিক্ষক মশিউর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা দেয়াওয়ান মো. জাহাঙ্গীর হেসেন, সমবায় কর্মকর্তা মমতা বানু, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, উদ্যেক্তাদের মধ্যে বক্তব্য দেন দিলরুবা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রোগ্রাম অফিসার মো. ফিরোজ কবির প্রমুখ।
সভায় পাঁচজনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- দিলরুবা খানম, উষা রানী দত্ত, রাজিয়া বেগম, মোছা. আসমা খাতুন ও মোছা. ছালমা খাতুন।

দামুড়হুদা:
দামুড়হুদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে উপজেলা পরিষদের সভাকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল গফুর, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও জয়িতাগণ।
অনুষ্ঠানের শুরুতেই মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী, কর্ম, নারীদের প্রেরণা শক্তি ও নারী জাগরণের অগ্রদূতসহ সমাজ উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সজীব খান, মাহফুজুর রহমান ও দামুড়হুদা গালস্ হাইস্কুলের ছাত্রী মাসুমা খাতুন।
দর্শনা:
দর্শনায় নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা সমাজবিপ্লবী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ওয়েভ ফাউন্ডেশনের কর্মচারী-কর্মকর্তারা বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে আলোর বন্ধনে সারিবদ্ধ হয়ে শ্রদ্ধাঞ্জলি ও অভিবাদন জানান। প্রকল্প সমন্বয়কারী কিতাব আলীর সভাপতিত্বে সারিবদ্ধ আলোর বন্ধনে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ফেরদৌসী পপি।
এসময় আলোর বন্ধনে উপস্থিত সকলেই মোবাইলের আলো জ্বেলে বাংলা মায়ের গৌরব কন্যা বেগম রোকেয়াকে অভিবাদন জানিয়ে স্লোগান দেন ‘জ্বালো মোবাইলের আলো, জ্বালো জ্ঞান ও মুক্তির আলো’। এছাড়া আলোর বন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আনিছুর রহমান, অডিট বিভাগের কামরুজ্জামান কামালসহ ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট অফিস, বেইজ অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়াল হোসেন, জেসমিন আক্তার ও আব্দুল আজিজ।
জীবননগর:
জীবননগরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার আলীপুর গ্রামের সফল জননী নারী হিসেবে মাকসুদা বেগম, জীবননগর পৌরসভার পোস্ট অফিস পাড়ার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মমতাজ বেগম, হাসাদহ শ্রীরামপুর গ্রামে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মনুয়ারা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রাখায় জীবননগর কোর্ট পাড়ার রেবেকা খাতুন ও সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের সালেহার খাতুন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

মুজিবনগর:
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে মুজিবনগরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে নারী নির্যাতন প্রতিরোধে সমাজকে একতাবদ্ধ করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা তথ্য আপা তানিয়া খন্দকারের সঞ্চালনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলার দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন।
আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মুজিবনগর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। জয়িতারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী ক্যাটাগরিতে মুজিবনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আরজিনা খাতুন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শ্রেষ্ঠ জয়িতা নারী মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৌসুমি আক্তার শ্যামলী। সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা উপজেলার মোনাখালি ইউনিয়নের রামনগর গ্রামের মর্জিনা খাতুন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের রুমা মন্ডল এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা উপজেলার মহাজনপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আল্পনা খাতুন।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতাদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস থেকে উপকারভোগী মহিলারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান ও মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খো. শরীফা আক্তার। এসময় বক্তারা, অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অর্থনৈতিক, শিক্ষা ও চাকরি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করাসহ ১০টি ক্যাটাগরিতে ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
কালীগঞ্জ:
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ উপজেলাতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় উপজেলার চাচড়া গ্রামের সুখজান বেগম, সফল জননী নারী হিসেবে পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের হাসিনা রহমান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বলিদাপাড়া গ্রামের শিরিন সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ষাটবাড়িয়া গ্রামের সুরভী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দুলালমুন্দিয়া গ্রামের রুমানা খাতুনকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনজিও কর্মী শিবুপদ বিশ^াস, ডা. জিল্লুর রহমান, জয়িতা নারীর সন্তান বসির আহম্মেদ সোহেল প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত জয়িতা নারীগণ তাদের জীবলে সফলতার চিত্র তুলে ধরেন।