করোনার টিকা নিয়ে ফেরার পথে মৃত্যু
- আপলোড তারিখঃ
০৭-১২-২০২১
ইং
কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা উল্টে নিয়াত আলী (৬০) নাম একজন লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতপুর-তারাগুনিয়া থানামোড় সড়কের সরুপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াত আলীর বাড়ি তারাগুনিয়া শালিমপুর গ্রামে। তিনি লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে নিয়াত আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ফিরছিলেন। সরুপপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী নিয়াত আলী গুরুতর আহত হন। তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে নিয়াত আলী নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স