আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক
- আপলোড তারিখঃ
০৬-১২-২০২১
ইং
মেহেরপুরের মুজিবনগরে আমন মৌসুমের শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। ইতিমধ্যে মাঠের অধিকাংশ ধান ঘরে উঠলেও বাকি ধান ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করছেন তাঁরা। মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রাকৃতিক দূর্যোগের ভয়ে চাষিরা পাকা ধান কেটে জমির মাঝখানে উঁচু জায়গায় পালা দিয়ে রেখেছেন, কেউ কেউ আবার যন্ত্রচালিত ট্রলিতে করে ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবার কোনো কোনো কৃষক জমিতে ধান মাড়াই করে ঘরে নিচ্ছেন।
মুজিবনগর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবারের আমন মৌসুমে মুজিবনগরে আট প্রজাতির উচ্চ ফলনশীল ধানের চাষ করেছে কৃষকেরা। কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, শেষ হওয়া আমন মৌসুমে উপজেলার ৩ হাজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল হেক্টরপ্রতি ৪.২ মেট্রিক টন করে। শেষ হওয়া আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছড়িয়ে হেক্টর প্রতি সাড়ে ৪ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
আমন মৌসুমে ধানের উৎপাদন সম্পর্কে, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান জানান, ক্রমবর্ধমাণ জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে খাদ্য ঘাটতি পূরণে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কৃষকদের কৃষি প্রণোদনা, উচ্চ ফলনশীল ধানসহ বিভিন্ন ফসল চাষের উপরে প্রশিক্ষণসহ বিনামূল্যে বীজ সার প্রদান করছেন। তারই ফলশ্রুতিতে মুজিবনগর উপজেলা কৃষি অফিস ফসলের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। এবারের আমন মৌসুমে আমরা লক্ষ্য মাত্রা ছাড়া বেশি ধান উৎপাদন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে বিভিন্ন ফসলের উৎপাদন কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।’
কমেন্ট বক্স