মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক দিনের বার্তা সম্পাদক এসএম শাফায়েত

  • আপলোড তারিখঃ ০২-১২-২০২১ ইং
এক দিনের বার্তা সম্পাদক এসএম শাফায়েত
পথচলার সপ্তম বছর ও বিজয়ের মাসের শুরুতে এক ব্যতিক্রমী দিন পার করেছে এতদাঞ্চলের পাঠকনন্দিত ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সময়ের সমীকরণ। গতানুগতিকের বাইরে এসে এ দিনটি বিদায়ী সহকর্মীকে উৎসর্গ করেছে পত্রিকা পরিবার। বার্তা সম্পাদক হিসেবে সময়ের সমীকরণের বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত কাটিয়েছেন একটি কর্মব্যস্ত দিন। ফুলের তোড়া ও এক দিনের বার্তা সম্পাদকের পরিচয়পত্র নিয়ে আগেই প্রস্তুত ছিলেন বার্তা সম্পাদক হুসাইন মালিক। চুয়াডাঙ্গা কোর্ট রোডের পুলিশ পার্ক লেনে সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে ইতঃপূর্বে দীর্ঘ সময় কাটালেও এবারের আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন। অফিসে ঢুকতেই সম্পাদক-প্রকাশক, প্রধান সম্পাদক, বার্তা সম্পাদকসহ সহকর্মীদের কাছ থেকে এসএম শাফায়েত পান উষ্ণ অভ্যর্থনা। হুসাইন মালিক তাঁর আসন ছেড়ে দেন এক দিনের বার্তা সম্পাদকের জন্য। তিনি নিজে আজ বিশেষ প্রতিবেদকের আসনে। বললেন, ‘বার্তা সম্পাদক হিসেবে সময়ের সমীকরণ’র সূচনালগ্ন থেকেই কাজ করছি। কিছুদিন পর শাফায়েতকে পেয়েছি সহকর্মী হিসেবে। তার প্রতিটি পদক্ষেপ আমাকে শক্তি যোগাত। আমি চাইতাম সহকর্মীদের তালিকার, তরুণ কেউ আমার আসনে বসুক। আর আমি তার আসনে। এভাবে মাঝেমধ্যে অবসর পাওয়া মন্দ নয়।’ বার্তা সম্পাদকের আসনে বসার আগে এসএম শাফায়েত সময়ের সমীকরণ কার্যালয়ে কর্মরত সবার কাজ দেখেন মনযোগ দিয়ে। বার্তা সম্পাদক হিসেবে জানান নিজের মতামত। দিয়েছেন নানান পরামর্শ। এরই মাধ্যমে বিদায় জানিয়েছেন সবাইকে। সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সময়ের সমীকরণ’র জন্য এসএম শাফায়েতের অবদান অনস্বীকার্য। দীর্ঘ সময় আমাদের পরিবারের একজন হিসেবে ন্যায়, নীতি ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।’ প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘পেশাগত দায়িত্বের বাইরে তার কর্মকাণ্ড প্রশংসনীয় ছিল। নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগদানের পর নিজ কর্মগুণে খুব অল্প সময়ে বিশেষ প্রতিবেদক হিসেবে পদোন্নতি পেয়েছে সে। বার্তা সম্পাদক হিসেবেও দক্ষতার প্রমাণ রেখেছে।’ উল্লেখ্য, উদীয়মান তরুণ সাংবাদিক এসএম শাফায়েত প্রয়াত সাংবাদিক জেড. আলম সম্পাদিত খাস খবর পত্রিকার মাধ্যমে ২০১০ সালে হাতেখঁড়ি লাভ করেন। এরপর স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কাজ শুরু করেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি যোগদান করেন দৈনিক সময়ের সমীকরণ’র নিজস্ব প্রতিবেদক হিসেবে। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে অদ্যবধি বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্বরত ছিলেন এই তরুণ সাংবাদিক। পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তর’র কন্ট্রিবিউটর রিপোর্টার (বিনোদন) হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন তিনি। এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি চাকরি সূত্রে সংযুক্ত আরব আমিরাতে গমন করছেন তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী