বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
দর্শনায় ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

দর্শনা পৌর এলাকার রেলবাজার ও আশপাশের এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাত ও প্রধান সড়কের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।


অভিযান সূত্রে জানা যায়, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে বটতলা পর্যন্ত প্রধান সড়কের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে কাঁচামাল, ফল, মুদিখানাসহ বিভিন্ন পণ্যের দোকান গড়ে তোলা হয়েছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি যেসব দোকানে হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিল না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া রাস্তার ওপর অবৈধভাবে মুরগির খাঁচা রেখে এবং যত্রতত্র বর্জ্য ফেলে বাজারের পরিবেশ নষ্ট করার অপরাধে ‘মনি’ নামের এক মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধান সড়কের ওপর ঝুলন্ত অবৈধ সাইনবোর্ড, ড্রেনের ওপর নির্মিত স্থায়ী ও অস্থায়ী শেড, সিঁড়িসহ অন্যান্য অবৈধ স্থাপনা আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় জব্দ ১৫০০ বস্তা সার সরকারি দামে বিক্রি