দামুড়হুদা উপজেলা সদরের বিএডিসির সার ডিলার নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে জব্দ করা ১৫০০ বস্তা সার বিজ্ঞ আদালতের নির্দেশে সাধারণ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। একই গোডাউনে অতিরিক্ত আরও ২৬৪ বস্তা সার জব্দ করে গোডাউনটি সিলগালা করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নতুন হাউলী মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির গোডাউনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমার এবং মামলার বাদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে জব্দ করা সার সাধারণ কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
এদিকে গোডাউনে থাকা অতিরিক্ত ২৬৪ বস্তা সারও জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯০ বস্তা টিএসপি, ৩৮ বস্তা ডিএপি, ৩৫ বস্তা এমওপি এবং ১০১ বস্তা মুখ খোলা ও জমাট বাঁধা সার রয়েছে। জব্দ করা এসব সার গোডাউনের ভেতরে রেখে সেটি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দ করা বিভিন্ন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার বিক্রি করে পাওয়া ১৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া গোডাউনে থাকা অতিরিক্ত ২৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোডাউনটি সিলগালা করা হয়েছে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া। অভিযানে থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষ্ণা সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছিল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে কৃত্রিম সারসংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা