গাংনীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৯ জন আহত
- আপলোড তারিখঃ
০১-১২-২০২১
ইং
মেহেরপুরের গাংনীতে নির্বাচন পরর্বতী সহিংসতায় ৯ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে দুই মেম্বার প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হলেন- পাকুড়িয়া গ্রামের আত্তাব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫), সহোদর দুলাল হোসেন (২৫), নইমদ্দিনের ছেলে আত্তাব উদ্দিন (৬০), সহোদর মিন্নাল হোসেন (৫০), আব্দুস ছাত্তার (৫৫), দেলোয়ার হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৬৫), তার ছেলে ইমাদুল হক (৩৫), নুহু (২৫) ও নয়ন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার ধানখোলা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হন। নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাজহারুল ইসলাম রাগে-ক্ষোভে ফুঁসে ওঠেন। রাগান্বিত হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকদের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজুল ইসলামের ছেলে মিজান দুলালকে আত্তাব উদ্দিনের বাড়ির সামনে ডেকে নিয়ে বকাবকি ও বাগবিতন্ডা শুরু করে। বাগবিত-ার একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সংবাদ পেয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ কাপুড়িয়া তাদেরকে চিকিৎসা দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স