বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয়ে মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির মেহেরপুর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হয়েছেন মেহেরপুর থিয়েটারের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন এবং সদস্যসচিব হয়েছেন আরিফুল ইসলাম। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহবুব আলম মাহফুজ। মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর আরিফুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মিনারুল ইসলাম।
এসময় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুর রহমান, মেহেরপুর থিয়েটারের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, জাতীয় সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এ বাকা বিল্লা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির জেলা শাখার আহ্বায়ক সঞ্জীব পাল বাপ্পি, মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সদস্যসচিব রায়হানুল কবির, সদর উপজেলা বাউল সম্প্রদায়ের সভাপতি আব্দুল্লাহ, শিক্ষক কাশুদুর রহমান সাজু, নাট্য অভিনেতা দিলারা পারভিন ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী তহমিনা মহিয়সী প্রমুখ।
মুখ্য আলোচক ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় মেহেরপুর জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক মেহেরপুর সদর