মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুর পাড়া সন্ধানী আশ্রমে দরবেশ আবুল হোসেনের উফাৎ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাধু সংঘের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় আশ্রম প্রাঙ্গণে এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে আশ্রমে ভক্ত ও সাধুদের মিলনমেলা বসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, শ্যামপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শামীম রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উফাৎ সাধু সংঘের শত শত ভক্ত।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, সাধু সংঘ শুধু একটি ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দরবেশ আবুল হোসেনের উফাৎ দিবস উপলক্ষে আয়োজিত এ সাধু সংঘে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা, অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। সাধু-সন্তদের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ বলেন, দরবেশ আবুল হোসেনের উফাৎ দিবস উপলক্ষে সাধু সংঘের এ আয়োজন তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি সুন্দর উদ্যোগ। সাধু সংঘ মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা, ভক্তি, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মানুষ পরস্পরের কাছাকাছি আসার সুযোগ পায় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার অনুপ্রেরণা লাভ করে।
অনুষ্ঠানের সভাপতি ইলিয়াস হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং এলাকার সামাজিক ও আধ্যাত্মিক ঐতিহ্য ধরে রাখার সুযোগ তৈরি হয়।
সন্ধানী আশ্রমের আয়োজনে অনুষ্ঠিত এ সাধু সংঘে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উফাৎ দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা দরবেশ আবুল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবারও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাধু সংঘের কার্যক্রম চলবে।
প্রতিবেদক মেহেরপুর