শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধি সভায় প্রধান পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক

সাংবাদিকতার চ্যালেঞ্জ ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধি সভায় প্রধান পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক

এক যুগ পূর্তির মাইলফলক স্পর্শ করার আনন্দ ও আগামীর পথচলার নতুন অঙ্গীকার নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো ‘দৈনিক সময়ের সমীকরণ’-এর প্রতিনিধি সভা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও প্রাণবন্ত এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভীর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বর্তমান সময়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সাংবাদিকতা করা মোটেও সহজ কাজ নয়। সত্য ও মিথ্যার সূক্ষ্ম পার্থক্য নিরূপণ করে সাধারণ মানুষের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া আজ বড় চ্যালেঞ্জ। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, নিয়মিত সময়ের সমীকরণ পাঠ করি।’


সাংবাদিকদের সততা ও আদর্শের প্রশ্নে অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, তবে কোন অর্থ বৈধ আর কোনটি বর্জনীয়, সেই বোধ থাকা জরুরি। আজকের এই অবস্থানে আসতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। ঘাম ঝরানো উপার্জন না হলে সেই অর্থের কোনো প্রকৃত মূল্য থাকে না।’


বিগত দিনের প্রতিকূলতার কথা স্মরণ করে সাহিদুজ্জামান টরিক আরও বলেন, ‘আপনারা সঠিক পথেই আছেন। বিগত ১২ বছর নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করেও যদি এই পত্রিকাটি মাথা উঁচু করে টিকে থাকতে পারে, তবে বর্তমান অনুকূল পরিবেশে এটিকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।’


পত্রিকার বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করার তাগিদ দিয়ে তিনি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের আরও একটু বাড়তি শ্রম দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন সংগ্রহের উদ্যোগ নিতে হবে; মনে রাখতে হবে, পত্রিকার সমৃদ্ধির সাথে আপনাদের নিজেদেরও উন্নয়ন জড়িত। আপনারা যেহেতু কোনো দুর্নীতির সাথে জড়িত নন, তাই বুক ফুলিয়ে কথা বলবেন। সময়ের সমীকরণ আজ যে সাহস, প্রত্যয় ও দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’



সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকার সাহিত্য সম্পাদক কাজল মাহমুদ, প্রতিষ্ঠাকালীন সদস্য মোমিন মালিতা, সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং রিপন হোসেন। বক্তারা পত্রিকার এক যুগের পথচলার নানা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


উদ্বোধকের বক্তব্যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দেখতে দেখতে আমরা ১১ বছর শেষে ১২ বছরে পদার্পণ করেছি। এক যুগের শেষ ধাপে আমরা আছি। দীর্ঘ সময়ের এই পথচলার প্রথম দিকটি ছিল খুবই কঠিন। দৈনিক সময়ের সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রয় প্রতিনিধি থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক করেছি। ১২ বছরের এই পথচলায় আমাদের দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সবার প্রচেষ্টায় আমাদের পত্রিকা এবার ডিএফপিও পেয়েছে। আমাদের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের যে সুনাম আছে, তা চুয়াডাঙ্গা জেলার অন্য কোনো স্থানীয় পত্রিকার নেই।’
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘আপনারা সবাই নিষ্ঠার সাথে কাজ করবেন এবং পত্রিকার সম্মান ও সুনাম যেন অক্ষুণ্ন থাকে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। আমি রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আমি কখনোই পত্রিকাকে আমার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করিনি। পত্রিকা পত্রিকার নিয়মে চলবে।’


তিনি আরও বলেন, ‘খুব সতর্কতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এই সময়টি পার করতেহবে। কারণ দেশ একটি অস্তিতিশীল পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্ডারের পাশের এলাকাগুলোতে আমাদের বেশি সচেতন থাকতে হবে। ১৬ই ডিসেম্বর ফ্যাসিস্ট ঢোকানোর জন্য বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সে জন্য আমাদের যে প্রতিনিধিগণ বর্ডারের পাশের এলাকাতে আছেন, তাদের কাজ থাকবে তারকাঁটা বেড়ার পাশের গ্রামগুলোতে সোর্স তৈরি করা, যাতে আমরা আপডেট সংবাদগুলো সরবারহ করতে পারি এবং মানুষকে জানাতে পারি।’


সভাপতির বক্তব্যে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘অনেক পরিশ্রমের পর আমাদের দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা এখন ডিএফপিভুক্ত। আমাদের এখন সময়, পরিশ্রম ও বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’


তিনি আরও বলেন, তথ্যের গুরুত্ব অপরিসীম। ৫ মিনিটের ভেতর তথ্যে গুরুত্ব হারিয়ে যায়। আমাদের এই একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগে প্রতিনিয়ত তথ্যের গুরুত্ব পরিবর্তন হচ্ছে। তাই তথ্যের গুরুত্ব বুঝতে হবে। তথ্য প্রযুক্তির এই সময়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, তাই আমাদের এর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল