মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা না পেয়ে এক চিকিৎসককে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান অভিযোগ করেন।
চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি থাকা এক রোগীকে নিয়ে আইসিইউ বিভাগে আসেন রকিবুল হাসান রিপন। এসময় তিনি ওই রোগীর জন্য আইসিইউতে একটি শয্যা বরাদ্দ দিতে বারবার অনুরোধ করেন। তবে আইসিইউ বিভাগে কোনো শয্যা খালি না থাকায় রোগীকে ভর্তি করা সম্ভব ছিল না।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, রিপন তখন আইসিইউতে থাকা অন্য একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে তার রোগীকে শয্যা দেওয়ার অনুরোধ করেন। কিন্তু একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে নতুন রোগীকে শয্যা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। এসময় বারবার অনুরোধ করায় বিরক্ত হয়ে চিকিৎসক রিপনকে ‘কচলাকচলি না করার’ কথা বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে রিপন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করেন ডা. মাহাবুবুর রহমান। একপর্যায়ে রিপন তাকে মারতে তেড়ে আসেন এবং আইসিইউর দরজা পার হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি। এসময় আইসিইউতে থাকা লোকজন ফটকটি বন্ধ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে রকিবুল হাসান রিপন জানান, তিনি রোগীর জন্য আইসিইউতে একটি শয্যা বরাদ্দ দিতে চিকিৎসকের কাছে বারবার অনুরোধ করেছিলেন। তবে চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে তিনি আপত্তি জানান এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। চিকিৎসককে গালিগালাজ করার বিষয়টি স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন রিপন।
প্রতিবেদক মেহেরপুর সদর