জীবননগরে আব্দুল খালেককে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বাবাকে হত্যার ঘটনায় বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় মামলা দায়ের করেছেন আব্দুল খালেকের ছেল জিনারুল।
এদিকে আব্দুল খালেককে হত্যা মামলায় তার সাবেক স্ত্রীসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে পাঠানো তিন নারী হলেন- নিহত আব্দুল খালেকের সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪৪), তার ভাই ইসমাইল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (২২) এবং তার ভাই ওসমান গনীর স্ত্রী নাসিমা খাতুন (২৫)।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে বাঁকা গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়িতে আব্দুল খালেকের মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে এরপরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খালেকের বিরোধ চলছিল বলে স্থানীয়দের দাবি।
নিহতের স্বজনদের অভিযোগ, এ বিরোধের জেরে বিভিন্ন সময় খালেককে হুমকি দেওয়া ও তাঁর ওপর হামলা করা হয়েছে। দেড় মাস আগেও সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) তাঁকে মারধর করেন। বুধবার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাঁকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জিনারুল বলেন, ‘চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁরা আলাদা বসবাস করতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় আমার বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তাঁরা আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন।’ তিনি আরও বলেন, ‘আজ শুনতে পাই, আমার বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই বাবা মারা যান।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘আব্দুল খালেকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জীবননগর থানা-পুলিশ তার সাবেক শ্বশুরবাড়ি মিনাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমীকরণ প্রতিবেদক