মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাওয়ার পথে প্রাণ হারাল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ফারিহা। জীবননগরের কালা গ্রামে মাটিভর্তি একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসফিয়া উপজেলার ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী।
জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। তারা কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লটাহাম্বার ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায়। একই সঙ্গে শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাটি কাটার বৈধতা সম্পর্কে ওসি সোলায়মান শেখ বলেন, “সরকারের অনুমতি ছাড়া মাটি কাটা নিষিদ্ধ, টোটালি অবৈধ।
জীবননগর অফিস