চুয়াডাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, পৌর ভূমি অফিস, আলুকদিয়া ইউনিয়ন পরিষদ এবং চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এসময় বিভাগীয় কমিশনার উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সরকারি সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জনসেবার মানোন্নয়ন, সরকারি সেবাকে আরও জনবান্ধব করা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করেন।
নিজস্ব প্রতিবেদক