শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
জীবননগরে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

জীবননগরে শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের কষ্ট লাঘব ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জীবননগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন মো. কহিনুর আলম চৌধুরী। এসময় সংগঠনটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত, মো. আরিফুজ্জামান, মো. শফিকুল ইসলাম এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান আলোচকের বক্তব্যে মো. কহিনুর আলম চৌধুরী বলেন, যাঁরা শারীরিকভাবে সক্ষম এবং কষ্ট হলেও হাঁটাচলা করতে পারেন, তাঁদের অপ্রয়োজনে হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বরং প্রয়োজনে কারও সাহায্য নিয়ে বা কোনো কিছু ধরে হলেও হাঁটার চেষ্টা করতে হবে। পাশাপাশি গর্ভবতী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আয়রন ট্যাবলেট ও প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এতে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি কিছু জন্মগত জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।


তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে হুইলচেয়ার পাওয়া ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের অনেকের কাছে চলাচলের এই সহায়ক উপকরণটি দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল