শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা টিটিসির প্রশিক্ষণ কেনাকাটায় ‘ভুতুড়ে’ দর, দুদকের অভিযান

প্রশিক্ষণ উপকরণের দাম, সরবরাহ ও ব্যবহারেও অসংগতি
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা টিটিসির প্রশিক্ষণ কেনাকাটায় ‘ভুতুড়ে’ দর, দুদকের অভিযান

কারিগরি দক্ষতা উন্নয়নের নামে প্রতি তিন মাস অন্তর প্রশিক্ষণ উপকরণ কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণ ও নথিপত্রের অসংগতির অভিযোগে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল প্রতিষ্ঠানটিতে গিয়ে ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শুরু করে।


প্রাপ্ত বিল-ভাউচার ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বরের কেনাকাটাসহ বিভিন্ন সময়ের বিলগুলোতে নিত্যপ্রয়োজনীয় ও প্রশিক্ষণ উপকরণের দামে বড় ধরনের অমিল রয়েছে। এসব নথিতে এক পিস ইটের দাম ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্ট ১ হাজার ১৮০ টাকা, একটি ওয়ান-ওয়ে বৈদ্যুতিক সুইচ ৭২ টাকা এবং প্রতি লিটার মবিলের দাম ১ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া প্রতি কেজি ঝুট ২০০ টাকা, এ-ফোর কাগজের রিম ৯১০ টাকা, প্রতিটি কলম ও শার্পনার ১৫ টাকা করে, প্রতি পিস মাস্ক ১৫ টাকা, নিরাপত্তা চশমা ২৬০ টাকা, ওয়ান টাইম হ্যান্ড গ্ল্যাভস ৮৫ টাকা জোড়া এবং প্রতিটি ডিজিটাল মাল্টিমিটারের দাম ৩ হাজার ২৫০ টাকা দেখানো হয়েছে।


স্থানীয় বাজার ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, বিল-ভাউচারের এই অঙ্ক বাস্তব বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে প্রতিষ্ঠান থেকে ইট কেনার কথা বলা হয়েছে, সেই হিমালয় অটো ব্রিক্সের তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বরে তাদের ইটের গাড়ির দর ছিল ২২ হাজার টাকা, যার হিসাবে এক পিস ইটের দাম দাঁড়ায় প্রায় ১১ টাকা। বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতাদের মতে, মানসম্মত একটি ওয়ান-ওয়ে সুইচের দাম সর্বোচ্চ ৩৫ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যা ভাউচারে উল্লেখিত দরের অর্ধেকেরও কম।


অনুসন্ধানে আরও দেখা গেছে, ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া এই প্রতিষ্ঠানটিতে একই দিনে একাধিক সরবরাহকারীর কাছ থেকে প্রায় একই ধরনের মালামাল কেনার নজির রয়েছে। জোনাকী কন্সট্রাকশন ও স্থপতি নির্মাতা ট্রেডার্স- এই দুই প্রতিষ্ঠান ৩৫ ধরনের উপকরণ সরবরাহের বিপরীতে প্রত্যেকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার বিল ধরেছে। পাশাপাশি মেসার্স এ নেওয়াজ ট্রেডার্সের মাধ্যমে ১৪ ধরনের উপকরণ সরবরাহ দেখিয়ে ২ লাখ ২৫ হাজার টাকার বিল করা হয়েছে। একই ধরনের সামগ্রী কেনার যৌক্তিকতা এবং একই দিনে একাধিক বিলের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


প্রশিক্ষণার্থীদের বক্তব্যেও উপকরণের প্রকৃত ব্যবহার ও বরাদ্দ নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রশিক্ষণার্থী জানান, তিন মাস পরপর নতুন ইট কেনার কথা বলা হলেও বাস্তবে আগের ইট দিয়েই কাজ চালানো হয়; ইট ও সিমেন্টের এত চড়া দামও তিনি কখনো দেখেননি। ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থী আহসান ইসলাম হাবিব বলেন, প্রতিটি কোর্সে ২৫ লিটার পেট্রোল ও ৩০ লিটার ডিজেল বরাদ্দ থাকলেও প্রশিক্ষণের ধরন অনুযায়ী পর্যাপ্ত গাড়ি চালানোর সুযোগ না থাকায় পুরো জ্বালানি যথাযথভাবে ব্যবহৃত হয় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।


অন্যদিকে, বিল-ভাউচারে নাম থাকা সরবরাহকারীদের বক্তব্যেও সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। স্থপতি নির্মাতা ট্রেডার্সের ঠিকাদার ওয়ালিউর রশিদ এসব সরঞ্জাম ক্রয় ও দাম নির্ধারণের বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন। আর মেসার্স এ নেওয়াজ ট্রেডার্সের ঠিকাদার আলী আসলাম জোয়ার্দ্দার স্ট্রোকের পর স্মৃতিবিভ্রমের কথা উল্লেখ করে কেনাকাটা সম্পর্কে কিছু মনে করতে পারছেন না বলে দাবি করেছেন।


মালামাল বুঝে নেওয়া ও ব্যবহারের দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানের হলেও চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান অনিয়মের অভিযোগ নাকচ করেছেন। তাঁর দাবি, মালামাল গ্রহণের জন্য আলাদা কমিটি ছিল, সর্বনিম্ন দরদাতার কাছ থেকেই কেনাকাটা করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত নিরীক্ষা হওয়ায় অনিয়মের সুযোগ নেই।


তবে দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানিয়েছেন, এটি একটি রেকর্ডনির্ভর অভিযান; সংগৃহীত নথিপত্র ও গণমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল