দর্শনা শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও বৃত্তি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহাবুবুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম, পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন ও আলহাজ্ব মশিউর রহমান, পৌরসভার প্রধান সহকারী মো. শাহ আলম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শিউলী খাতিম।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল ইসলাম খোকন বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান জানান তিনি। বৃত্তি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের জন্যও উৎসাহিত করেন।
দর্শনা অফিস