চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তৃতীয় দিনের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) শুরু হয়। এদিন ১৬০০ মিটার দৌঁড়, টায়ার টানা (ড্র্যাগিং) ও রোপ ক্লাইম্বিং- এই তিনটি ইভেন্টে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হয়।
টায়ার টানা ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার ২০ ফুট নির্দিষ্ট সময়ের মধ্যে টেনে নিতে হয়। অন্যদিকে, রোপ ক্লাইম্বিংয়ে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ ফুট দড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
পরীক্ষা শেষে প্রার্থীদের উদ্দেশে ব্রিফ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষাসহ পরবর্তী সব ধাপে যারা নিজ যোগ্যতা ও মেধার পরিচয় দেবেন, তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।
পুলিশ সুপার আরও বলেন, যারা নিজ যোগ্যতায় নিয়োগ পাবেন, তাদের কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্য ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।
নিজস্ব প্রতিবেদক