মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী পৌর বিএনপি। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা কঠোর হাতে দমনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি গাংনী বাজার, হাসপাতাল বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন, গাংনী পৌর যুবদলের সদস্য সচিবসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ১৭ বছরে যে উন্নয়নের দাবি করেছে, বর্তমান তারেক রহমানের সরকার তার চেয়েও বেশি উন্নয়নকরেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা রাতের আঁধারে বিভিন্ন স্থানে পোস্টারিং কর্মসূচি চালাচ্ছে। সাহস থাকলে তাদের রাজপথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। এ সময় গোপালগঞ্জের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি কঠোর বক্তব্য দেন।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংস হামলা কঠোর হাতে দমনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তারা।
প্রতিবেদক মেহেরপুর সদর