ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নিয়োগের তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল করেছে অন্ধ কল্যাণ সমিতি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রায় তিন বছর পর ১৭ নভেম্বর ২০২৬ তারিখে তাঁদের নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়।
ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির ১ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ বাতিল করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, তৎকালীন সময়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা কিংবা প্রতিষ্ঠানের বিদ্যমান চাকরিবিধি অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে অস্থায়ী ভিত্তিতে কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল।
নিয়োগ বাতিল হওয়া ছয়জন হলেন, ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়, সমাজকল্যাণ সহকারী মোছা. ইতি খাতুন, অফিস সহকারী জে এম মুরশিদা জাহান ডলি, স্টোর সহকারী মো. মাহফুজ হোসেন, স্টোর সহকারী মো. শুভ পারভেজ এবং পরিচ্ছন্নতাকর্মী শান্ত দাস।
সমিতির নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৩ তারিখে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। ওই নিয়োগপত্রে তৎকালীন জেলা প্রশাসক ও অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এস এম রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে। নিয়োগপত্রে ছয়জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ১৪ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে যোগদানপত্র জমা দেওয়ার শর্ত ছিল।
২০২৩ সালের নিয়োগপত্রে ছয়জনের নাম থাকলেও ২০২৬ সালের ১৭ নভেম্বর জারি করা নিয়োগ বাতিলের আদেশে পাঁচজনের নাম পাওয়া গেছে। তবে ষষ্ঠ নিয়োগপ্রাপ্ত ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়কেও পৃথক চিঠিতে চাকরি বাতিল করা হয় বলে তিনি জানান।
প্রশ্ন উঠেছে, নিয়োগের সময় প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুসরণ না করে কর্মচারী নিয়োগ দেওয়া হয়ে থাকলে সেই নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন এবং প্রায় তিন বছর ধরে তাঁরা কীভাবে দায়িত্ব পালন করে বেতন উত্তোলন করলেন? তিন বছরে বেতন-ভাতা বাবদ গ্রহণ করা টাকা ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির ফান্ডে জমা হবে কিনা তাও আদেশে উল্লেখ নেই।
এ বিষয়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মিলন হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বুধবার বিকেলে জানান, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই ওই ৬ জনের নিয়োগ দেওয়া হয়েছিল। সে কারণে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া তিন বছরে বেতন-ভাতা বাবদ গ্রহণ করা অর্থ কোষাগারে ফেরত যাবে কিনা তা পরিচালনা কমিটি নির্ধারণ করবেন।
ঝিনাইদহ অফিস