দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের শেষ খেলায় জয় পেয়েছে কুষ্টিয়ার ভোরের পাখি ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার বিকেল চারটায় মেমনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে খুলনার এসবি আলি ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক প্রভাষক মশিউর রহমান। খেলা শেষে তিনি বিজয়ী দলের খেলোয়াড় লালনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন। রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, ‘মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।’ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে উল্লেখ করে তিনি টুর্নামেন্টের আয়োজক, খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রামাযুসের উদ্যোগে এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, মাহাবুবুল ইসলাম খোকন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি রাজু আহম্মেদ ও নাফিস ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দর্শনা অফিস