চুয়াডাঙ্গা পৌর কৃষক দলের সদস্যসচিব মোহাম্মদ আসাদুল হক জোয়ার্দার আলো (৪২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আসাদুল হক আলো চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামের বাসিন্দা পঁচা জোয়ার্দারের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিগড়ী হেলিপোর্ট মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিগড়ী পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্যসচিব তোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এএসএম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আসাদুল হক আলোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এক শোকবার্তায় তাঁরা বলেন, আসাদুল হক আলো চুয়াডাঙ্গা পৌর কৃষক দলকে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফও আসাদুল হক আলোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সমীকরণ প্রতিবেদক