বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত
  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি, অপহরণ, শিশু নিখোঁজ, মাদকবিরোধী কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কৃষি উপকরণ ও ভাতাভোগীদের অর্থের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। শুরুতে তিনি গত মাসের সভার কার্যবিবরণী পাঠ করেন এবং পূর্বের সিদ্ধান্তগুলোর অগ্রগতি তুলে ধরেন। সভায় সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে জানানো হয়, জুন মাসে সদর থানায় মোট ৪৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মাদক সংক্রান্ত ২১টি, অপহরণের ১টি, নারী ও শিশু নির্যাতনের ৩টি, চুরির ৭টি, অস্ত্র আইনে ১টি এবং অন্যান্য বিষয়ে ১০টি মামলা রয়েছে। অন্যদিকে জুলাই মাসে সদর থানায় মোট ২৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ডাকাতির ১টি, মাদকসংক্রান্ত ৭টি, ধর্ষণের ১টি, নারী ও শিশু নির্যাতনের ৩টি, চুরির ২টি, মানব পাচারের ১টি এবং অন্যান্য বিষয়ে ৯টি মামলা রয়েছে।


সভায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মাসে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ ও মাদকসংক্রান্ত কার্যক্রমের প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে পাঠাতে বলা হয়। একই সঙ্গে এসব কার্যক্রমের ছবি সংযুক্ত করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় বলা হয়, শুধু প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে নয়, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে বাড়িঘর, মসজিদ-মন্দির, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। এসব কার্যক্রমের ছবি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের অর্থের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়া বা হ্যাক করে নেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


গ্রাম-পুলিশদের মাধ্যমে ভাতাভোগীসহ সাধারণ মানুষকে সচেতন করার সিদ্ধান্ত হয়। বিশেষ করে ব্যক্তিগত পিন নম্বর, গোপন তথ্য ও আর্থিকলেনদেনের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। কাউকে পিন নম্বর বা গোপন তথ্য না দেওয়া এবং প্রতারণামূলক ফোন বা বার্তার বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় শিশু নিখোঁজের ঘটনা প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। কোথাও বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।


সভায় কৃষি খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। কৃষকদের মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা বা বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর রাখার কথা বলা হয়।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ