বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান

গাঁজাসহ গ্রেপ্তার দুজনের বিনাশ্রম কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
গাঁজাসহ গ্রেপ্তার দুজনের বিনাশ্রম কারাদণ্ড

দামুড়হুদায় পৃথক অভিযানে ৯ গ্রাম ও ৪ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল বুধবার দুপুরে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দামুড়হুদা স্টেডিয়ামপাড়ার মৃত মাদার মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৮) এবং কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার মজনু মিয়ার ছেলে মো. তাহাজ উদ্দীন ওরফে চেণ্টু (৩২)।


পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা স্টেডিয়ামপাড়ায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসআই (নি.) উত্তম কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি সিগারেটের প্যাকেটে রাখা ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ৯ গ্রাম। এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে হাজির করা হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


অপর দিকে, একই দিন রাত ৯টা ২৫ মিনিটের দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই (নি.) মো. সবুজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। কার্পাসডাঙ্গা পূর্বপাড়ায় জনৈক আতিয়ারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাহাজ উদ্দীন ওরফে চেণ্টুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির সামনের ডান কোচর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ৪ গ্রাম।


তাহাজ উদ্দীনকেও থানায় নিয়ে গিয়ে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত