জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার-৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে এ অভিযান চালান হাবিলদার মো. জামাল খানের নেতৃত্বাধীন বিজিবির সদস্যরা। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
সমীকরণ প্রতিবেদক