দর্শনায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের (রামাযুস) আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৭টায় রামাযুস কার্যালয়ে ৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস ছাত্তার। আলোচনায় অংশ নেন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহান আলী, দর্শনা পৌর সমন্বয়ক রেজাউল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্সেদ লিংকন ও আব্দুল কাদের মাস্টার।
আলোচনা সভা শেষে দর্শনা আনন্দধামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী মোস্তাক আহমেদ মনা ও পূজা। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন আব্দুল ওয়াদুদ শাহ কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা। এছাড়া দর্শনা অর্নিবাণ থিয়েটারের আয়োজনে কবিতা আবৃত্তি করেন কবিরুল হক লিপু ও স্বপনা খাতুন।
পরে রাত সাড়ে ৯টায় জালাল উদ্দিন রচিত এবং ফারুক হোসেনের নির্দেশনা ও পরিচালনায় ‘সকাল সন্ধ্যা’ সংগঠনের পরিবেশনায় যাত্রাপালা ‘ভিখারীর ছেলে’ মঞ্চস্থ হয়। এতে রাজা পলাশ, জল্লাদের চরিত্রে সোহরাব হোসেন, মন্ত্রীর চরিত্রে ভাবুক হিরোন ও সেনাপতির চরিত্রে খায়রুল ইসলামসহ ২২ জন অভিনয়শিল্পী অংশ নেন। যাত্রাপালা দেখতে আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষসহ হাজারো দর্শক উপস্থিত হন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তাফিজ রহমান মুক্তা।
দর্শনা অফিস