আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চারজনকে মাদকদ্রব্যসহ এবং একজনকে চুরি মামলায় গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। অভিযানে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার পারকুলা বাজারের শফি ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালান।
এসময় পারকুলা খালপাড়ার মো. রশিদের ছেলে মো. জিহাদকে (২৫) একটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. নবান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওসমানপুরের একটি বসতঘরের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালান। সেখানে ওসমানপুর হঠাৎপাড়ার মৃত লিয়াকত খন্দকারের ছেলে মিরা খন্দকার (৩৬), লক্ষ্মীপুর গ্রামের আহাদ মণ্ডলের ছেলে মো. সাকিব (২০) এবং লক্ষ্মীপুর হাজামপাড়ার জিয়ার মণ্ডলের ছেলে মো. শুভকে (২০) তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে, এসআই আলমগীর কবীরের নেতৃত্বে পৃথক অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত আসামি মো. মোমিন হোসেনকে (৩৫) স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্যসহ গ্রেপ্তার মিরা খন্দকার, মো. সাকিব, মো. শুভ ও মো. জিহাদকে তাৎক্ষণিক বিচারের জন্য সংক্ষিপ্ত বিচার আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মো. মোমিন হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস