এসএসসি পরীক্ষায় এবারও সাফল্য পেয়েছে দর্শনা আকন্দবাড়িয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়টি থেকে ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১০ জন ‘এ’, একজন ‘এ+’ এবং দুজন ‘বি’ গ্রেড পেয়েছে। বাকি ছয়জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন উত্তীর্ণ হয়েছিল। ওই বছর পাসের হার ছিল ৯০ শতাংশ। একইভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়। ওই বছর পাসের হার ছিল ৭৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে একজন গোল্ডেন এ+, ১৪ জন ‘এ’, একজন ‘বি’ এবং দুজন ‘সি’ গ্রেড পেয়েছিল। ছয়জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবার শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হবে বলে আমাদের প্রত্যাশা ছিল। সে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও ফলাফলে আমরা সন্তুষ্ট। আগামী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী যাতে উত্তীর্ণ হতে পারে, সে লক্ষ্যে শিক্ষকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।’ বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফল ধরে রেখে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
দর্শনা অফিস