বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এলাকাবাসীর প্রতিরোধে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন

আলমডাঙ্গার মাদক সম্রাজ্ঞী মিনি ও পরিবার
  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
এলাকাবাসীর প্রতিরোধে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন

আলমডাঙ্গায় এলাকাবাসীর কঠিন প্রতিরোধে মাদক ব্যবসা থেকে চিরতরে অব্যাহতি পেতে মুচলেকা দিয়েছেন মাদক সম্রাজ্ঞী মিনি ও তার পরিবারের লোকজন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার স্টেশনপাড়ার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী মিনি খাতুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মিনি ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে এলাকার বাসিন্দারা এবং যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয় বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মাদক বিরোধী অভিযানে কঠিন অবস্থান নিয়েছেন। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে সতর্কবার্তা দিয়ে আসছেন। থানা পুলিশের সহযোগিতায় তারা মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখছিলেন।


সেই আলোকে গত শনিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা পৌর স্টেশন এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সামনে উপস্থিত হন মিনি ও তার পরিবারের লোকজন। তারা আত্মসমর্পণ করে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা থেকে অব্যাহতি চান। এলাকার যুবসমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে ভবিষ্যতে আর মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দেন।


যারা মুচলেকা দিয়েছেন, তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিনের স্ত্রী মিনি খাতুন, মিনির ছোট বোন কুটিলা খাতুন, মিনির মেয়ে মায়া খাতুন, জামাতা আহাদ আলি এবং ছপুর স্ত্রী রিনা খাতুন।


মিনির জামাতা আহাদ আলি বলেন, আমরা আর মাদক ব্যবসায় জড়াতে চাই না। সবার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। পরবর্তী সময়ে আমরা যেন আর পুলিশি হয়রানির শিকার না হই, তার জন্য স্থানীয় মানুষ ও প্রশাসনের প্রতি অনুরোধ করছি। আমার শাশুড়ি অসুস্থ বৃদ্ধ মানুষ, তিনি ঠিকমতো চলাচল করতেই পারেন না। আমাদের নাম ভাঙিয়ে অনেক মানুষ নির্বিঘ্নে মাদক ব্যবসা করে যায়। এই বিষয়টি সকলের নজরে রাখার জন্য অনুরোধ করছি।


এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহম্মেদ, পৌর যুবদলের সদস্য লিলি, সজিব, সজল এবং ছাত্রদলের আকাশ, রাফিদ, স্বপন, রাজন, নাঈম, আমান প্রমুখ।


আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহম্মেদ বলেন, মিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর কঠিন প্রতিরোধে তারা আজ মাদক ব্যবসা ছেড়ে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে চায়। তাদের একটা সুযোগ দেওয়া মানবিক কর্তব্য। তাই তারা মুচলেকা দিয়ে অঙ্গীকার করেছেন।



কমেন্ট বক্স