আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আলমডাঙ্গা রেলস্টেশনের পুরাতন গোডাউনের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে স্টেশনপাড়ার রেজাউলের ছেলে রবিউল (৩১) এবং কামালপুর গ্রামের ইয়ার আলীর ছেলে হাফিজুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়।
অপর অভিযানে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পারকুলা (আবাসন) গ্রামের আবাসন বটতলা মোড়ের পাকা সড়ক থেকে নাজমুল মালিতা (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে। রবিউল, হাফিজুর ও নাজমুলকে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হারদী কাউন্সিলপাড়ার খোকন আলীকে (২৬) হারদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চুরির মামলায় আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকা থেকে আসাননগরের মানিক ইসলাম (২৬) ও দর্শনার আকুন্দবাড়ীয়ার রাসেদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আলমডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ঘোষবিলা গ্রামের মোল্যা ফাহাদ তানভিরকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাংনী থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নগরবোয়ালিয়া কারিবারপাড়ার মো. জানিক ওরফে জানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আটজনকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা অফিস