ভুয়া কাবিননামায় বিয়ের ফাঁদে ফেলে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মাহাবুব ইসলাম বাহাদুর (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। মাহাবুব নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর বগুলাগাড়ী (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি মেডিকেলে তাদের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া কাবিননামা তৈরি করে বাদীকে বিয়ে করেছে বলে বিশ্বাস করান মাহাবুব। এরপর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। কিছুদিন পর বাদী জানতে পারেন, কাবিননামাটি ভুয়া। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাহাবুব তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। পরে আদালতের মাধ্যমে তাকে তালাক দেন ওই নারী।
অভিযোগে বলা হয়, তালাকের আগেই ভিডিও কলে কথা বলার সময় ও ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও মাহাবুব গোপনে স্ক্রিন রেকর্ড করে রাখেন। বিচ্ছেদের পর ক্ষুব্ধ হয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করতে থাকেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন।
পুলিশ আরও জানায়, তাকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক