মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে মারধরের একটি ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কিছু কর্মীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ বলছে, পূর্বের একটি তুচ্ছ বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মাদার আলীর ছেলে আকুব্বার ও ইউনুচ আলীর ছেলে বাবলুর ওপর একদল যুবক হামলা চালায়। হামলায় বাবলু গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগে রক্তপাত হয়। বর্তমানে তিনি মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে কয়েকজন যুবক এ ঘটনায় জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় মজনু রহমানও উপস্থিত ছিলেন। অভিযুক্ত জুলফিকার আলী ভুট্টো দাবি করেন, পূর্বের একটি তুচ্ছ বিষয় নিয়ে আকুব্বারের সঙ্গে কথা কাটাকাটির সময় বাবলু মাঝখানে জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি রাজনৈতিক নয় বলেও তিনি দাবি করেন। আহত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কিছু বিশৃঙ্খলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে তিনি জানান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মুজিবনগর অফিস