শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দেশের নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৬ ইং
নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি

সব আশঙ্কা, অনিশ্চয়তাকে চূর্ণবিচূর্ণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদকেও যেন হার মানিয়েছে এবারের নির্বাচনী উৎসব। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর পর ভোট গণনা চলছে। দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত হয়নি। দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটানোর দিনে কোটি কোটি তরুণ-যুবক আর দেশের নাগরিকেরা রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে ভোটকেন্দ্রে রায় প্রদানের এক অনন্য নজির তৈরি করলেন। এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণ বাংলাদেশ আর কখন দেখেনি, স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন উদাহরণ নেই। কিছু উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয়েছে সারা দেশে।


এর আগের বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাই সাধারণ ঘটনা হলেও এবার এ ধরনের অভিযোগ ওঠেনি। কোথাও ভোট গ্রহণ স্থগিতের খবরও পাওয়া যায়নি। বাংলাদেশে ইতিহাসে এ এক অনন্য নজির। নির্বাচনের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের মাঠ থেকে বিশ্ববাদী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল। এরই মধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণা করা শুরু হয়ে গেছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিএনপির ধানের শীষের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ের পথে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টায়। এখন ভোট গণনা চলছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ২৭৯টি আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ১৯৭ আসন, জামায়াতে ইসলামী ৬৪ ভোট, এনসিপি ৫ আসন এবং অন্যান্য ১৩টি আসনে জামায়াত জোট বিজয়ী হয়েছেন।


গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করে। একইসঙ্গে তারা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশকিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মত জানান। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়ন হবে। বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেন ছোট-বড় ৫০টি রাজনৈতিক দল। ২৯৯টি আসনে মোট প্রার্থী ছিল ২ হাজার ২৮ জন। দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন অংশ গ্রহণ করে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। মোট ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। প্রিজাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ লাখ ২৩২ জন।



কমেন্ট বক্স