ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন এবং উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। তাঁরা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতের ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।
প্রতিবেদক দামুড়হুদা