মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কথিত ধর্মঘট প্রতিহতে চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাশকতা ও গুজব ঠেকাতে শহরে নেতা-কর্মীদের মহড়া
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৬ ইং
কথিত ধর্মঘট প্রতিহতে চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নৈরাজ্য, নাশকতা ও গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ধর্মঘটের নামে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।


গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে কর্মসূচি শেষ হয়। এসময় নেতা-কর্মীরা দলীয় স্লোগান দেন এবং নাশকতা ও গুজব প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দেন।


শোডাউনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম পিটু বলেন, ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সতর্ক ও সক্রিয় থাকবেন। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ নাশকতা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শান্ত চুয়াডাঙ্গাকে অশান্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।


শোডাউনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান, সহসাধারণ সম্পাদক আরিফ হোসেন, পল্লী ও গ্রামবিষয়ক সম্পাদক আবু সাইদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল মাহমুদ এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।


এছাড়া মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিয়ার রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের আনসারবাড়ীয়া রেলস্টেশনের গিয়ে খোঁজ নিলেন বিএনপি নেতা খোকন খান