শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভোটের অপেক্ষায় চুয়াডাঙ্গা-১, আলোচনায় বিএনপির প্রার্থী শরীফুজ্জামান

‘মানুষের কাছে যিনি ছিলেন, তাকেই মানুষ ভোট দিতে চায়’
  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৬ ইং
ভোটের অপেক্ষায় চুয়াডাঙ্গা-১, আলোচনায় বিএনপির প্রার্থী শরীফুজ্জামান

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয়েছে প্রচার-প্রচারণা, থেমে গেছে মাইক আর গণসংযোগের ব্যস্ততা। এখন শুধু অপেক্ষা- ভোটের রায়ে কোন পথে যাবে চুয়াডাঙ্গা-১ আসনে। এই অপেক্ষার প্রহরে আলোচনার কেন্দ্রে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। শেষ মুহূর্তের গণসংযোগে যেমন সরব ছিলেন, তেমনি ভোটের মাঠেও তিনি আলোচনায় এগিয়ে।


চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার গ্রামগুলো ঘুরে কথা বলে শোনা যায় একটাই কথা- ‘মানুষের কাছে যিনি ছিলেন, তাকেই মানুষ ভোট দিতে চায়।’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চোখে শরীফুজ্জামান কেবল একজন প্রার্থী নন, বরং দীর্ঘদিনের পরিচিত মুখ। চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘দুঃসময়ে-সুখে শরীফুজ্জামানকে পাশে পেয়েছি। ব্যবসায়ীদের সমস্যার কথা তিনি শুনেছেন, প্রশাসনের কাছে তুলে ধরেছেন। তাই আমরা ধানের শীষে ভোট দিতে চাই।’
একই সুর শোনা যায় গ্রামের কৃষকদের কণ্ঠেও। আলমডাঙ্গার একজন কৃষক নজরুল ইসলাম বলেন, ‘সার, ধান আর ন্যায্য দামের কথা আমরা অনেকের কাছেই বলেছি। কিন্তু শরীফুজ্জামান আমাদের কথা মন দিয়ে শোনেন। গ্রামের মানুষকে তিনি ভুলে যাননি।’ নারীদের মধ্যেও রয়েছে আগ্রহ ও প্রত্যাশা। সদর উপজেলার এক গৃহিণী শামসুন্নাহার বেগমের ভাষায়, ‘আমরা চাই নিরাপদ পরিবেশ আর সন্তানদের ভবিষ্যৎ। শরীফুজ্জামান আমাদের এলাকায় নারীদের সমস্যা নিয়ে কথা বলেছেন। তাই আমরা তাঁকে এগিয়ে রাখছি।’


তরুণ ভোটারদের কাছেও আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই প্রার্থী। কলেজপড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ‘তিনি তরুণদের কথা বলেন, কর্মসংস্থান আর শিক্ষা নিয়ে ভাবেন। শুধু নির্বাচন এলেই নয়, আগেও তাঁকে মাঠে দেখেছি।’ এই সমর্থনের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি- এমনটাই মনে করেন স্থানীয়রা। শেষ মুহূর্তের প্রচারণায় তাঁর সঙ্গে দেখা গেছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা ভোটের সমীকরণে আলাদা মাত্রা যোগ করেছে।


চুয়াডাঙ্গা-১ আসনের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সংসদে গিয়ে চুয়াডাঙ্গা-১ এর মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ের কথা তুলে ধরতে চাই। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন- এটাই আমার একান্ত প্রত্যাশা।’



কমেন্ট বক্স