বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিসিআইসি সার ডিলারদের সঙ্গে বিএফএ’র সভাপতির মতবিনিময়

কেমিক্যাল সারে মাটির ক্ষতি, অর্গানিক সারে গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিসিআইসি সার ডিলারদের সঙ্গে বিএফএ’র সভাপতির মতবিনিময়

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সকল বিসিআইসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওলিউর রহমান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওলিউর রহমান বলেন, তিনি সার ডিলারদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন এবং চুয়াডাঙ্গার সন্তান হিসেবে জেলার জন্য আরও কাজ করতে চান। ডিলাররা যে সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।


তিনি আরও বলেন, কৃষি ও মাটির উর্বরতা রক্ষায় অর্গানিক সার ব্যবহারে ব্যবসায়ী ও কৃষকদের উৎসাহিত করতে হবে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত কেমিক্যাল সার ব্যবহারের ফলে মাটি ক্ষতির মুখে পড়ছে। একসময় কৃষকরা গবাদিপশুর গোবর দিয়ে জমিতে সার দিতেন, কিন্তু এখন সবাই কেমিক্যাল সারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে অর্গানিক সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই কার্ডের প্রধান উপকরণ হলো সার। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষি কার্ড বাস্তবায়নে সার ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।


তিনি আরও বলেন, একজনের অন্যায়ের দায় সকলের ওপর চাপানো যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, জনগণের মাধ্যমে ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং সেই উদ্যোগের শুরু হবে নেতা-কর্মীদের নিজেদের মধ্য থেকেই।



আরেক বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, সার ডিলাররা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সঠিকভাবে ডিলারশিপ পরিচালনার মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছাতে পারলে কৃষকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। তিনি আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির শিকার হয়েছেন ডিলাররা। তবে বিএনপির কাছ থেকে কেউ অবৈধ সুবিধা পাওয়ার আশা করলে তা ভুল হবে। সততা ও নিয়মের সঙ্গে কাজ করলে যেকোনো সমস্যায় দল পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিসিআইসি সার ডিলার অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি আব্দুল বারী। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন শুকলা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন।


এছাড়াও উপস্থিত ছিলেন সার ডিলার হারুন অর রশীদ, মনির উদ্দীন, সালাউদ্দীন আহমেদ, নজরুল ইসলাম, আসিফ আলম, তৈয়ব রহমান, শাহিদ আক্তার, শামসুল আলম, সাইফুল ইসলাম, আরিফ হোসেনসহ জেলা ও উপজেলার সার ডিলার এবং সাংবাদিকরা।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ