দেশে সারের কোনো ঘাটতি নেই এবং কোনো অবস্থাতেই সারের দাম বাড়বে না-এ কথা জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমি যতদিন আছি, সারের দাম বাড়বে না।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সভায় উপদেষ্টা নিজেই সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া সারের বকেয়া পরিশোধ করে আমরা সময়মতো সার আমদানি করেছি এবং সরবরাহ নিশ্চিত করেছি। দেশে সারের কোনো ঘাটতি নেই এবং আগামী মৌসুমেও যাতে না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে বৈশ্বিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সার আমদানি করা হবে। ‘সারের দাম বাড়েনি, বরং আমরা নজরদারি বাড়িয়েছি যাতে সার পাচার না হয়,’ বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, ‘পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বাড়ায় এবং তার ভিত্তিতে সার উৎপাদন ব্যয় বেড়ে যায়, তবুও আমি যতদিন আছি, সারের দাম এক পয়সাও বাড়বে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। গত এক বছরে কৃষি মন্ত্রণালয় এ লক্ষ্যে অনেক কার্যক্রম বাস্তবায়ন করেছে, এবং তা চলমান রয়েছে।’ তিনি জানান, দেশে ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ, শাকসবজি ও ফলমূল উৎপাদনে ধারাবাহিক সাফল্য এসেছে। সব খাতেই উৎপাদন বেড়েছে এবং ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
সমীকরণ প্রতিবেদক