দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মোনাবিল হক আদালতে রেড নোটিশ জারির আবেদন করেন। এতে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ‘এএম ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে জাল নথি প্রস্তুত ও ব্যবহার করেন। এরপর ক্ষমতার অপব্যবহার করে ১০৪ কোটি ২০ লাখ টাকার বেশি ঋণ উত্তোলন করে আত্মসাৎ করেন।
আত্মসাতকৃত অর্থের একটি বড় অংশ—প্রায় ৩৪০ কোটি টাকা—দুর্নীতির মাধ্যমে এস আলম সুপার এডিবল ওয়েল কোম্পানির স্বার্থে স্থানান্তর বা রূপান্তর করা হয় বলে অভিযোগে বলা হয়।
এ ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান তিন ভাইয়ের নাম উল্লেখ করে আদালতের কাছে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানানো হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালীন একাধিকবার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তারা বিদেশে পলাতক থাকায় ব্যর্থ হয় দুর্নীতি দমন কমিশন। এমন অবস্থায়, আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরিয়ে দিতে রেড নোটিশ জারির প্রয়োজন দেখা দেয়।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা হয়েছে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাতেও অভিযোগ আনা হয়েছে।
দুদক আদালতকে জানায়, এই তিন ব্যক্তি আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের গুরুতর অপরাধে জড়িত। তারা দীর্ঘদিন ধরে দেশ থেকে পলাতক থেকে প্রক্রিয়াধীন তদন্তকে বাধাগ্রস্ত করছেন। আদালতের আদেশ পাওয়ার পর দুদক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ইন্টারপোলকে চিঠি পাঠানো হবে, যাতে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান শুরু করা যায়।
সমীকরণ প্রতিবেদন