সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় বিজিবির অভিযান

কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই চোরাকারবারিকেও আটক করা হয়। গতকাল মঙ্গলবার সকালে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া তেমাথা সীমান্ত এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি।


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্ত পিলার নম্বর ৭৯ থেকে প্রায় ১২০০ গজ ভেতরে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মো. আব্দুল মমিন (৪৯) এবং একই গ্রামের মৃত খোদ বক্সের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য মতে, আব্দুল মমিনের কোমরে বিশেষ কায়দায় স্কচটেপে মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১৬২ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী