সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের খপ্পরে নারী

কৌশলে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের খপ্পরে নারী

চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেট এলাকায় কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক নারী। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তিনি নিজেই তুলে দিয়েছেন স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের নিউ মার্কেট সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী নাসরিন পারভিন (৪৫) পৌর শহরের মহিলা কলেজপাড়ার মৃত খলিলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গতকালই তিনি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নিউ মার্কেট মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবক তার কাছে এসে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর সেই যুবকের সঙ্গে আরও দুজন এসে যোগ দেয়। কথোপকথনের একপর্যায়ে তারা কৌশলে নাসরিন পারভিনকে বড় বাজার পুরাতন গলির ভেতরে নিয়ে যায়।


অভিযোগে তিনি উল্লেখ করেছেন, এসময় তারা সম্ভবত তার নিঃশ্বাসের মাধ্যমে অজ্ঞান করার মতো কোনো মেডিসিন প্রয়োগ করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানোর আগে ও পরে ওই তিনজন যা বলছিল, তিনি নিজের অজান্তে তাই পালন করেন। পরে বুঝতে পারেন, প্রতারকচক্র তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা), একটি জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য ৩৫ হাজার টাকা) এবং একটি স্বর্ণের চেইন লকেটসহ (মূল্য ৭০ হাজার টাকা) লুটে নেয়।


নাসরিন পারভিন বলেন, ‘জ্ঞান ফিরে পাওয়ার পর আশপাশের লোকজনের সহযোগিতায় খোঁজাখুঁজি করেও অজ্ঞাত তিন প্রতারকের কাউকে পাওয়া যায়নি। পরে তিনি থানায় অভিযোগ দিয়েছি।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি পর্যবেক্ষণ শুরু করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী