
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডুসেনি মাসকুলার ডিসট্রোফিতে আক্রান্ত তিন রোগীকে দেখতে গিয়েছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে তিনি তাদের দেখতে যান। জেলা প্রশাসক পরিমল সিংহ আক্রান্ত তিন শিশু-কিশোরের খোঁজ খবর নেন এবং তাদের পিতা তোফাজ্জেল-এর সাথে কথা বলেন। এসময় তিনি জেলা প্রশাসনের তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান তুলে দেন তোফাজ্জেল হোসেনের হাতে। এছাড়া তার চিকিৎসার খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। পত্রিকার মাধ্যমে হোমিও প্যাথি চিকিৎসার কথা জেনেছেন বলে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, তিনি বলেন,আমরা প্রশাসনের মাধ্যমে হোমিও প্যাথিক চিকিৎসারও খোজ খবর নিচ্ছি। প্রয়োজনে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসককে পেয়ে আবেগ আপ্লুত হয়ে তোফাজ্জেল হোসেন বলেন, আমি শুধু আমার সন্তানদের সুস্থ্য দেখতে চাই। এর বেশি কিছু চাই না। তিনি বলেন, পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবর পেয়ে দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে তার কাছে ফোন এসেছে। অনেকে তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ঢাকার একটি হোমিও প্যাথিক ইনষ্টিটের চিকিৎসক তার ছেলেদের বিনামূল্যে চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন